প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
ছাতকে ফজল মিয়া হত্যার অভিযোগে পুরান নোয়াকুট গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

ফয়সাল আহমদ, ছাতক : সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে ফজল মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১০ মার্চ দুপুর ২টায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, পুরান নোয়াকুট গ্রামের জামে মসজিদের টাকা লুটের ঘটনার প্রতিবাদ করায় ফজল মিয়াকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড একটি শান্তিপূর্ণ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মামলার আসামি হিসেবে উল্লেখিত মাসুক মিয়া, নুরই মিয়া, হারুন মিয়া, তারেক মিয়া, কাদির মিয়া, জুনেদ আহমদ, শিবলু মিয়া ও জলীল মিয়াকে দ্রুত গ্রেফতার করা প্রয়োজন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী।
বক্তারা পুলিশের প্রতিও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে আসামিদের গ্রেফতার করলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরবে এবং আইনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
এলাকাবাসী সতর্ক করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। নিহত ফজল মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মানববন্ধন শেষে দোয়া করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬