প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2026 ইং
সিলেট জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেটের গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের ব্যানারে আয়োজিত মিছিলটি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ হারুনের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় সভাপতির বক্তব্যে হারুন উর রশিদ হারুন বলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে বিগত দিনে হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ব্যবসা-বাণিজ্য করছেন এবং বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তৃণমূল যুবদল তাদের প্রত্যাখ্যান করবে বলে আমি মনে করি।
এ সময় সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
মিছিলে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬